কুয়ালালামপুর, মালয়েশিয়া — ২২ জানুয়ারি ২০২৬
রাষ্ট্র সংস্কার ও ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আসন্ন গণভোটের গুরুত্ব তুলে ধরে মালয়েশিয়ায় সর্বদলীয় অংশগ্রহণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার উদ্যোগে বুধবার (২১ জানুয়ারি) কুয়ালালামপুরের রাঁধুনি বিলাস রেস্টুরেন্টে “রাষ্ট্র সংস্কারে গণভোট ও ভবিষ্যতের বাংলাদেশ” শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আলাউদ্দিন মোহাম্মদ। আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএনপির মালয়েশিয়া সহসভাপতি ড. এস এম রহমান তনু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় গবেষণা সম্পাদক সাইফুদ্দিন ইয়াহিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ তাকি উল্লাহ এবং এবি পার্টির মালয়েশিয়া সদস্যসচিব ড. সোহেল মাসুদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় ২০২৬ সালের গণভোটের রাজনৈতিক প্রেক্ষাপট, গণভোটের মাধ্যমে কাঙ্ক্ষিত পরিবর্তন, রাষ্ট্র সংস্কার ও ভবিষ্যৎ বাংলাদেশ পুনর্গঠনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলের প্রতিনিধিরাই গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে একমত পোষণ করেন।
মালয়েশিয়ায় অবস্থানরত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানে একটি বিরল রাজনৈতিক ঐকমত্যের চিত্র ফুটে ওঠে। বক্তারা বলেন, গণভোটের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ মতামত প্রতিফলিত হলে রাষ্ট্র সংস্কারের পথ আরও সুগম হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়া ডায়াস্পোরা অ্যালায়েন্সের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এনামুল হক। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের মুখ্য সংগঠক আল আমিন।