ঢাকা — ২২ জানুয়ারি ২০২৬
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব এম হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা মরহুম এম হাফিজ উদ্দিন খানের দীর্ঘ কর্মময় জীবনে রাষ্ট্র ও জনগণের কল্যাণে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, “এম হাফিজ উদ্দিন খান ছিলেন একজন সৎ, প্রজ্ঞাবান ও দায়িত্বশীল রাষ্ট্রকর্মী। রাষ্ট্রসেবায় তাঁর নিষ্ঠা, সততা ও নৈতিক অবস্থান আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “ব্যক্তিগত জীবনেও তিনি আমার একজন সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। জীবনের নানা পর্যায়ে তাঁর প্রজ্ঞা, মানবিকতা ও স্পষ্টভাষিতা আমাকে গভীরভাবে সমৃদ্ধ করেছে। তাঁর মৃত্যুতে আমি একজন বিশ্বস্ত সহকর্মী ও প্রিয় বন্ধুকে হারালাম।”
শোকবার্তায় প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, কর্মজীবনে হাফিজ উদ্দিন খান যে সততা, দক্ষতা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন এবং পরবর্তীতে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় যে ভূমিকা রেখেছেন, তা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।
প্রধান উপদেষ্টা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, এম হাফিজ উদ্দিন খান বুধবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তিনি ডাক, টেলিযোগাযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় অর্থ ও পরিকল্পনাসহ একাধিক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।