লেবাননের ওপর ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের বারবার হামলা ও স্থল আক্রমণ বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জোর আহ্বান জানিয়েছে কাতার।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে, লেবাননে ইসরায়েলি বাহিনীর এই চলমান সামরিক অভিযান ও সাধারণ নাগরিকদের ওপর নির্বিচার বিমান হামলা আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক মানবিক আইন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের চরম লঙ্ঘন।
কাতার আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে, যাতে তারা ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষকে লেবাননের সার্বভৌম ভূখণ্ডে বারবার হামলা ও নৃশংস হত্যাকাণ্ড বন্ধ করতে বাধ্য করে।
এই হামলাগুলোর ফলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে একটি পূর্ণাঙ্গ ও অনিয়ন্ত্রিত আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার যে ঝুঁকি তৈরি হয়েছে, তা রুখতে কাতার বৈশ্বিক সংহতির দাবি জানিয়েছে। এছাড়া ও পূর্ব লেবাননের বিস্তীর্ণ এলাকায় ইসরায়েলের তীব্র বিমান হামলায় নারী ও শিশুসহ অসংখ্য বেসামরিক মানুষ নিহত হয়েছেন।