ভৈরব (কিশোরগঞ্জ) — ২২ জানুয়ারি ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করতে পুরোপুরি প্রস্তুত কিশোরগঞ্জের ভৈরববাসী। দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও জনসভাকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে ভৈরব উপজেলা স্টেডিয়ামকে সম্পূর্ণ নতুন সাজে সাজানো হয়েছে। সুউচ্চ মঞ্চ নির্মাণের পাশাপাশি আধুনিক সাউন্ড সিস্টেম, ওয়াইফাই সুবিধা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎসংযোগ নিশ্চিত করা হয়েছে। মাঠ পরিচর্যা করে দর্শনার্থীদের জন্য উপযোগী করে প্রস্তুত করা হয়েছে পুরো এলাকা।
জনসভায় অংশগ্রহণকারী সাধারণ জনগণ, দলীয় নেতা-কর্মী ও সমর্থক, নারী দর্শক, হিন্দু সম্প্রদায়ের সদস্য, আলেম-উলামা এবং গণমাধ্যমকর্মীদের জন্য পৃথক পৃথক বসার ব্যবস্থা করা হয়েছে। দূর থেকে আগত দর্শনার্থীরা যাতে সহজে বক্তব্য দেখতে ও শুনতে পারেন, সে জন্য মাঠের চারপাশে স্থাপন করা হয়েছে এলইডি টিভি স্ক্রিন ও অতিরিক্ত সাউন্ড সিস্টেম।
এ ছাড়া মাঠে রাখা হয়েছে পর্যাপ্ত পানীয় জল এবং প্রাকৃতিক প্রয়োজনে ব্যবহারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা। জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারে স্থানীয় প্রশাসন ও সিএসএফের পাশাপাশি আইনশৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রণে বিএনপির পক্ষ থেকে পোশাকধারী প্রায় আড়াইশ স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
আজ বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৫টার দিকে ভৈরব উপজেলা স্টেডিয়ামে কিশোরগঞ্জ জেলা বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় পর্ষদের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় তারেক রহমান কিশোরগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের জনতার সামনে পরিচয় করিয়ে দেবেন।
এ সময় তিনি আগামীর বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে জনগণের প্রতি আহ্বান জানাবেন। জনসভা শেষে তিনি নরসিংদীর উদ্দেশ্যে যাত্রা করবেন। এর আগে একই দিনে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় একাধিক নির্বাচনি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
এসব তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় পর্ষদের সাংগঠনিক সম্পাদক এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের বিএনপি দলীয় প্রার্থী মো. শরীফুল আলম।