ঢাকা — ১৬ জানুয়ারি ২০২৬
শহীদ উসমান হাদীর হত্যার বিচার দাবি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ভূমিকা পালনের কারণে নোমান আহমেদকে ভিডিও কলের মাধ্যমে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে এ হুমকি দেওয়া হয় বলে ভুক্তভোগী দাবি করেছেন।
ভুক্তভোগী নোমান আহমেদের ফেসবুক পোস্ট সূত্রে জানা যায়, নিজেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা হিসেবে পরিচয় দেওয়া এক ব্যক্তি ‘মুতাসির আহমেদ’ নাম ব্যবহার করে ভিডিও কলে তাকে ভয়ভীতি প্রদর্শন করেন। ভিডিও কলে প্রকাশ্যে জবাই করে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন নোমান আহমেদ।
নিজের পোস্টে নোমান আহমেদ উল্লেখ করেন, হুমকিদাতা ভিডিও কলে অশ্রাব্য ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেন এবং তার পরিবারের সদস্যদের নিয়েও আপত্তিকর মন্তব্য করেন। তিনি জানান, ব্যবহৃত ভাষা ও বক্তব্য এতটাই অশালীন যে তা প্রকাশ করা সম্ভব নয়।
ফেসবুক পোস্টে আরও বলা হয়, শহীদ উসমান হাদীর হত্যার বিচার দাবিতে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব রয়েছেন, তারা একের পর এক হুমকির শিকার হচ্ছেন। বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলেও অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগীর দাবি অনুযায়ী, হুমকিদাতা ব্যক্তি নির্বাচনের পর তাকে হত্যা করার হুমকি দেন এবং নিজেকে প্রভাবশালী রাজনৈতিক সমর্থক হিসেবে পরিচয় দেন। কথোপকথনের এক পর্যায়ে গ্রেফতার এড়ানোর সক্ষমতার কথাও উল্লেখ করা হয় বলে জানান নোমান আহমেদ।
এ ঘটনায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে শহীদ উসমান হাদী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।