অদ্য ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে (রবিবার) বাংলাদেশ বিমান বাহিনীর ৬৬ তম ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্স এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান বিমান বাহিনী ফ্লাইং ইন্সট্রাক্টরস্ স্কুল, এরুলিয়া এয়ারফিল্ড, বগুড়ায় অনুষ্ঠিত হয়। সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারী ১৫ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন। প্রধান অতিথি তাঁর মূল্যবান বক্তব্যে উল্লেখ করেন যে, আজ থেকে প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ উড্ডয়ন প্রশিক্ষকের মত একটি সম্মানিত দলের অন্তর্ভূক্ত হল যা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতার সাথে গড়ে তুলতে সহায়তা করবে।
উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনীর ১৪ জন এবং বাংলাদেশ নৌ বাহিনীর ০১ জন কর্মকর্তা ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্সের সনদপত্র গ্রহণ করেন। ৬৬ তম ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্সের স্কোয়াড্রন লীডার ধ্রুব সরকার, জিডি(পি) সার্বিকভাবে চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়ে বহুল প্রত্যাশিত ‘মফিজ ট্রফি’ অর্জন করেন। অনুষ্ঠান পরিচালনায় ফ্লাইং ইন্সট্রাক্টরস্ স্কুলের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মুহাম্মদ সাইফুল ইসলাম, পিএসসি এ প্রতিষ্ঠানে পরিচালিত কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন), বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর এয়ার অধিনায়ক, অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর উপাচার্য সহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় উচ্চপদস্থ সরকারী কর্মকর্তাগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।