সুনামগঞ্জ | ২৮ জানুয়ারি ২০২৬
সুনামগঞ্জ-২ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেছেন, বিজিবি নির্বাচনকালীন সময়ে পারিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে, আইন-শৃঙ্খলা রক্ষা করতে এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে।
বুধবার সকাল সাড়ে ১১ টায় সুনামগঞ্জে প্রেস কনফারেন্সে লে. কর্নেল জাকারিয়া বলেন, “একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি ভোটের সময় জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্বুদ্ধকরণমূলক কর্মসূচি পরিচালনা করছে, যাতে ভোটারদের অংশগ্রহণ আরও উৎসাহিত হয়।”
তিনি আরও জানান, সুনামগঞ্জ জেলাটি হাওরবেষ্টিত ও দুর্গম হওয়ায় নির্বাচনি দায়িত্ব বেশ চ্যালেঞ্জিং। সুনামগঞ্জ বিজিবি নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার সড়ক ও নৌপথে দায়িত্ব পালন করবে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা করবে।
বিজিবি অধিনায়ক বলেন, সিলেট অঞ্চলের অধীনস্থ ৩টি ব্যাটালিয়ন সিলেট ও সুনামগঞ্জ জেলার ১০টি সংসদীয় আসনে ২৩টি উপজেলায় ৫৫ প্লাটুন মোতায়েন করবে। সীমান্তবর্তী ৬টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে, অন্য ৫টি সীমান্ত উপজেলা ও ১২টি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
এ সময় সুনামগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।