ঢাকা | ২৯ জানুয়ারি ২০২৬
দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির ২৭ নেতাকর্মীকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা, নারায়ণগঞ্জ জেলা এবং সোনারগাঁ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন—
ময়মনসিংহ দক্ষিণ জেলার ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সালাহ উদ্দিন, মো. শহিদুল ইসলাম শহিদ, সারোয়ার জাহান এমরান; উপজেলা বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, মাওলানা মফিজুল ইসলাম, আবু সাঈদ জয়েল, নাইমুল করিম জান্নাতসহ একাধিক নেতা।
এছাড়া নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহসভাপতি জি এম সাদরিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান শরিফ, সাংগঠনিক সম্পাদক আলী আকবরসহ বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতাদেরও বহিষ্কার করা হয়েছে।
সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি বজলুর রহমান, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সাদ্দাম হোসেন ও জিয়াউল ইসলাম চয়ন, সদস্য খন্দকার আবু জাফর; সোনারগাঁ পৌর বিএনপির সহসভাপতি পনির হোসেন এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিকও বহিষ্কারের তালিকায় রয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত এসব নেতাকর্মীর সঙ্গে বিএনপির কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না এবং দলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।