ওয়াশিংটন | ০৭ ফেব্রুয়ারি ২০২৬
গাজা অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠন কার্যক্রম ত্বরান্বিত করতে গঠিত গাজা শান্তি বোর্ডের প্রথম বৈঠক আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে। হোয়াইট হাউস এ বৈঠক আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
শুক্রবার প্রকাশিত অ্যাক্সিওসের এক প্রতিবেদনে জানানো হয়, গাজা শান্তি বোর্ডের প্রথম বৈঠক আগামী ১৯ ফেব্রুয়ারি আয়োজনের প্রস্তুতি চলছে। বৈঠকে গাজা পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক তহবিল সংগ্রহের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়, বৈঠকের এই সময়সূচি এখনো চূড়ান্ত নয় এবং পরিবর্তন হতে পারে। এ বিষয়ে হোয়াইট হাউস ও মার্কিন পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
এর আগে ট্রাম্প প্রশাসন গাজা শান্তি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্যদের নাম ঘোষণা করে। এতে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
হোয়াইট হাউসের বিবৃতিতে জানানো হয়, ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনার বোর্ডের প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। ডোনাল্ড ট্রাম্প নিজে এই বোর্ডের চেয়ারম্যান থাকবেন।
গাজা অঞ্চলের সাময়িক প্রশাসন পরিচালনা ও পুনর্গঠন কার্যক্রমের তত্ত্বাবধান করবে এই বোর্ড। নির্বাহী বোর্ডে আরও থাকছেন বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান প্রধান মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙগা এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল।
হোয়াইট হাউস জানায়, বোর্ডের প্রতিটি সদস্য গাজাকে স্থিতিশীল করা এবং দীর্ঘমেয়াদি শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।