হবিগঞ্জ | ০৭ ফেব্রুয়ারি ২০২৬
ধর্মের ভিত্তিতে দেশকে আর বিভক্ত করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতেই মানুষ কাজ পাবে এবং হবিগঞ্জের চা বাগানগুলো আধুনিকায়ন করা হবে।
শনিবার বেলা ১১টার দিকে হবিগঞ্জে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, রাজনীতি আমাদের পেশা নয়, বরং এটি আমাদের দায়িত্ব ও কর্তব্য। একটি দলের লোকজন এমন পর্যায়ে নেমেছে যে, তারা বিক্ষুকদের কাছ থেকেও চাঁদা আদায় করে। এ দেশে আর কোনো চাঁদাবাজি চলবে না। চাঁদাবাজি চিরতরে বন্ধ করা হবে।
ডা. শফিকুর রহমান বলেন, অসৎ নেতৃত্বের কারণে এতদিন দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে বছরে অন্তত একবার জনগণের কাছে রাষ্ট্র পরিচালনার আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব দেওয়া হবে।
তিনি আরও বলেন, যারা দেশের মা-বোনদের অপমান করেছে, তাদের ১৮ কোটি মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। দেশে বর্তমানে সন্ত্রাস ও দুর্নীতিতে চারদিক ছেয়ে গেছে, যার দায় পূর্ববর্তী ক্ষমতাসীনদের।
জামায়াত আমির বলেন, একটি বৈষম্যহীন দেশের স্বপ্নে গণমানুষ জীবন দিয়েছে। কিন্তু অসৎ রাজনীতির কারণে সেই বৈষম্য আজও বহাল রয়েছে। জামায়াতে ইসলামী বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।