ঢাকা | ০৭ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে অংশ নিতে আজ উত্তরবঙ্গের তিন জেলায় নির্বাচনি সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফরের অংশ হিসেবে তিনি ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে পৃথক তিনটি জনসভায় বক্তব্য দেবেন।
শনিবার বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় যোগ দেওয়ার মধ্য দিয়ে উত্তরবঙ্গ সফর শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তার আগমনকে ঘিরে সমাবেশস্থলসহ গোটা ঠাকুরগাঁও শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সফর ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা।
ঠাকুরগাঁওয়ের জনসভা শেষে দুপুর ১টায় নীলফামারী পৌরসভার বড় মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। এরপর তিনি দিনাজপুর জেলার বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত আরেকটি নির্বাচনি জনসভায় অংশ নেবেন।
বিএনপি নেতারা বলছেন, উত্তরবঙ্গে এই সফর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করবে এবং সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।