জেদ্দা, সৌদি আরব, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির ফিলিস্তিনবিষয়ক কার্যনির্বাহী সভা-এর সাইড লাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সৌদি, তুরস্ক ও গাম্বিয়ার মন্ত্রীদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এই বৈঠকে উপস্থিত ছিলেন সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এ. আলখারেইজি, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়া এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদু এনজি।
বৈঠকে মন্ত্রীরা ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অটল সমর্থন প্রশংসা করেন এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন জানান।
সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুবিধাজনক সময়ে সৌদি সফরের আমন্ত্রণ জানান এবং পররাষ্ট্রমন্ত্রীরও রিয়াদ সফরের আমন্ত্রণ দেন। তিনি বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচি বাংলাদেশের জন্য বিভিন্ন খাতে নতুন সহযোগিতা ও বিনিয়োগের সুযোগ সৃষ্টি করেছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সৌদি বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন এবং যৌথভাবে কাজ করার বিষয়ে দুই দেশ একমত হন।
এছাড়া তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়া দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে ভবিষ্যতে সম্পর্ক আরও বিস্তারের আশা প্রকাশ করেন। পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা শরণার্থীদের জন্য তুরস্কের সহায়তার প্রতি কৃতজ্ঞতা জানান। উভয় পক্ষ রোহিঙ্গা সংকট দ্রুত সমাধানে একসাথে কাজ করার বিষয়ে একমত হন। পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান-কে রমজানের পর বাংলাদেশ সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদু এনজির সঙ্গে বৈঠকে ড. খলিলুর রহমান রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার সক্রিয় ভূমিকার জন্য ধন্যবাদ জানান। বিশেষ করে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে দায়ের করা রোহিঙ্গা গণহত্যার মামলার কথা উল্লেখ করেন। গাম্বিয়া রোহিঙ্গাদের পক্ষে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণে বাংলাদেশের সমর্থন অব্যাহত রাখবে। এছাড়া উভয় পক্ষ বাগদাদে ও আইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে একটি অনুষ্ঠান আয়োজনের বিষয়ে সম্মত হয়েছেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।
বৈঠকে অংশগ্রহণকারী নেতারা নতুন সরকার গঠনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।