গাজীপুর | ০৪ মার্চ ২০২৬
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাহমুল হক শান্ত (২৩) নামে পুলিশের এক কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অভিযুক্ত ছিনতাইকারী আল আমিন ওরফে রনি (২৬)কে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।
বুধবার রাত ১১টার দিকে টঙ্গীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকার নিপ্পন গার্মেন্টস কারখানার সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আহত কনস্টেবল সাহমুল হক শান্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ থানা-এ কর্মরত। তিনি তার ব্যাচমেট কাউসার ইসলামের সঙ্গে বুধবার বিকেলে টঙ্গী এলাকায় ঘুরতে আসেন।
রাত ১১টার দিকে তারা হোসেন মার্কেট এলাকায় পৌঁছালে একদল ছিনতাইকারী অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। এ সময় কনস্টেবল শান্ত আত্মরক্ষার চেষ্টা করলে অভিযুক্ত আল আমিন ধারালো ছুরি দিয়ে তার গলায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
ঘটনার পর উত্তেজিত পথচারীরা ধাওয়া করে আল আমিনকে আটক করে গণপিটুনি দেয়। পরে স্থানীয়রা আহত কনস্টেবলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠান। অপরদিকে আহত ছিনতাইকারীকে টঙ্গী পশ্চিম থানা পুলিশ টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহীন খান বলেন, আহত পুলিশ সদস্যকে ঢামেকে পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।