স্টাফ রিপোর্টার, ০৪ মার্চ ২০২৬
নাগরিক সেবা নিশ্চিত ও প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ দপ্তরে বাধ্যতামূলকভাবে অবস্থান করার নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
গত ২ মার্চ এ বিষয়ে পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত ওই পরিপত্রে বলা হয়েছে, কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসার পথে বিভিন্ন দাপ্তরিক বা ব্যক্তিগত কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে নির্ধারিত সময়ে দপ্তরে উপস্থিত থাকেন না। এতে জনসাধারণ ও অন্যান্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ ব্যাহত হয় এবং নাগরিক সেবা, প্রশাসনিক গতিশীলতা ও সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়।
এ অবস্থায় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ অফিস কক্ষে আবশ্যিকভাবে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। দাপ্তরিক কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রেও এ সময়সীমা যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলা হয়েছে।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ এবং ‘সচিবালয় নির্দেশমালা, ২০২৪’ অনুযায়ী নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি ও প্রস্থান নিশ্চিত করা বাধ্যতামূলক। লিখিত অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করা যাবে না।
তবে কিছু ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না। এর মধ্যে রয়েছে—
- প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত নন এমন শিক্ষা/প্রশিক্ষণ প্রতিষ্ঠানের শিক্ষক ও অনুষদ সদস্যরা।
- হাসপাতাল, জেলখানা, সংবাদ বা নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে রোস্টার ডিউটিতে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা।
- জরুরি গ্রাহকসেবায় সরাসরি সম্পৃক্ত কর্মীরা।
- মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
- ভিভিআইপি/ডিআইপি প্রটোকল, আকস্মিক দুর্ঘটনা মোকাবিলা, কূটনৈতিক বা উন্নয়ন সহযোগী সংক্রান্ত গুরুত্বপূর্ণ সভা এবং অনুমোদিত সরকারি সফর।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, আন্তঃদপ্তর সমন্বয় বৃদ্ধি এবং নাগরিকদের দ্রুত সেবা নিশ্চিতে এই নির্দেশনা কার্যকর ভূমিকা রাখবে।