ঢাকা | ১৬ মার্চ ২০২৬
ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীরা কাল (মঙ্গলবার) থেকে টানা সাত দিনের ছুটি শুরু করবেন। সোমবার (আজ) শেষ অফিস করছেন সরকারি কর্মীরা, এরপর বাড়ি ফিরে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের সময়ে ঈদের ছুটি ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। তবে বিএনপি সরকার পূর্বঘোষিত ছুটির সঙ্গে ১৮ মার্চ আরও একটি দিন ছুটি ঘোষণা করেছে। এছাড়া শবেকদর উপলক্ষে ১৭ মার্চের ছুটি আগে থেকেই নির্ধারিত ছিল। সব মিলিয়ে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করবেন।
ঘোষিত ছুটির আওতায় দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং কিছু বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি সেবা সংক্রান্ত প্রতিষ্ঠানগুলো এই ছুটির আওতামুক্ত থাকবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট ও ডাক সেবার মতো জরুরি বিষয়গুলো ঈদকালেও সচল থাকবে। এছাড়া হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা সংক্রান্ত চিকিৎসক ও কর্মীরা এই ছুটিতেও কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন এবং অন্যান্য জরুরি পণ্য পরিবহনেও কোনো বাধা থাকবে না।