ঢাকা — ৩১ মার্চ ২০২৬
সরকার ফায়ার সার্ভিসকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থেকে পৃথক করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় নেওয়ার উদ্যোগ নিয়েছে। এতে দুর্যোগ মোকাবিলায় সমন্বয় জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস ও দুর্যোগ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সংকট মোকাবিলায় বর্তমানে একাধিক সংস্থা পৃথকভাবে কাজ করায় সমন্বয়ের অভাব দেখা দেয়। বিশেষ করে বড় ধরনের দুর্যোগে এটি বিশৃঙ্খলা সৃষ্টি করে।
সরকার সংশ্লিষ্টরা বলছেন, একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে ফায়ার সার্ভিসকে দুর্যোগ মন্ত্রণালয়ের আওতায় আনা হচ্ছে। এতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকর পদক্ষেপ নেওয়া সহজ হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ইতোমধ্যেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা যেমন সিপিপি, রোভার স্কাউট, বিএনসিসি ও রেড ক্রিসেন্টকে এক ছাতার নিচে নিয়ে সমন্বিত কাঠামো তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে। রাজধানী ও আশপাশের এলাকায় বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার উদ্যোগও নেওয়া হচ্ছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মন্ত্রণালয়কে আরও কার্যকর করতে কাজ চলছে। ফায়ার সার্ভিসকে দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে আনার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ বলেন, নীতিমালা অনুযায়ী যেকোনো দুর্যোগে লিড মন্ত্রণালয় হিসেবে নির্দেশনা দেয় দুর্যোগ মন্ত্রণালয়, কিন্তু বাস্তবে অনুমোদিত সংস্থাও মাঠে নির্দেশনা দেয়, যা সমন্বয়ের অভাব সৃষ্টি করে। কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে এই সমস্যা দূর করা হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. কোরবান আলী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ফায়ার সার্ভিসকে মন্ত্রণালয়ের অধীনে আনা হচ্ছে এবং আশা করা হচ্ছে, এর মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় সমন্বয় ও দ্রুত সেবা নিশ্চিত করা সম্ভব হবে।