লেবানন — ৩১ মার্চ ২০২৬
লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান ইসরাইল ও হিজবুল্লাহ সংঘর্ষে আরও দুই জাতিসংঘ শান্তিরক্ষী নিহত হয়েছেন। ইউনিফিল জানিয়েছে, অজ্ঞাত উৎস থেকে সৃষ্ট বিস্ফোরণে তাদের একটি যানবাহন ধ্বংস হয়। এই ঘটনায় আরও দুই শান্তিরক্ষী আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর।
জাতিসংঘের অন্তর্বর্তীকালীন শান্তিরক্ষা বাহিনী (ইউনিফিল) সোমবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয় প্রাণহানী। লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, একই সময়ে ইসরাইলের হামলায় তাদের একজন সৈন্য নিহত হয়েছেন এবং দক্ষিণ উপশহরে হিজবুল্লাহর তিন সদস্যও নিহত হয়েছেন।
সংঘাত শুরু হওয়ার পর থেকে লেবাননে ১,২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। মঙ্গলবার ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা দুটি ঘটনার তদন্ত করছে। এর মাধ্যমে জানা যাবে, নিহত ও আহতরা হিজবুল্লাহর হামলার শিকার হয়েছেন নাকি ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কার্যক্রমের কারণে।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া এসব ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, “শান্তিরক্ষীদের ঝুঁকির মুখে ফেলার এসব কার্যক্রম বন্ধ করতে হবে।”
ফ্রান্স ও স্পেন নিরাপত্তা পরিষদে বৈঠক ডাকার ও হামলার নিন্দা জানানোর ঘোষণা দিয়েছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনও ইউনিফিল কমান্ডারের সঙ্গে ফোনালাপে শান্তিরক্ষীদের লক্ষ্য করে হামলার নিন্দা জানিয়েছেন।
লেবাননের জন্য জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী জেনিন হেনিস-প্লাসশার্ট জানিয়েছে, “এই ধ্বংসযজ্ঞ অবিলম্বে বন্ধ করতে অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজন।” এছাড়া দক্ষিণ লেবানন এবং সংলগ্ন পশ্চিম বেকা অঞ্চলে ইসরাইলি বিমান হামলা চালানো হয়েছে, যার ফলে এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।