বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযান, কালো পলিথিনে লুকানো ইয়াবা উদ্ধার
উখিয়া, কক্সবাজার
প্রকাশ :১৩ এপ্রিল ২০২৬
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
প্রতিবেদন
সোমবার (১৩ এপ্রিল) ভোররাতে উখিয়ার বালুখালীস্থ এফডিএমএন ক্যাম্প-৮/ইস্টের ব্লক-বি/১৮ এলাকায় পানবাজার পুলিশ ক্যাম্পের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী জানতে পারে ওই এলাকায় রোহিঙ্গা শরণার্থী মো. ইলিয়াসের বসতঘরে ইয়াবা কেনাবেচা চলছে। পরে ভোর ৩টা ১০ মিনিটে সেখানে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় একটি কালো পলিথিনের ভেতরে থাকা লকযুক্ত নীল পলিপ্যাক থেকে ১০ হাজার পিস অ্যামফিটামিন-জাতীয় ইয়াবাসদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকার মাধ্যমে এসব আলামত জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মো. ইলিয়াস উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮/ইস্ট, ব্লক-বি/১৮ এলাকার বাসিন্দা নুর আমিনের ছেলে বলে জানা গেছে।
৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মাদকসহ সব ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে এই সফল অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত উখিয়া থানায় নিয়মিত মামলার প্রক্রিয়াধীন রয়েছে।
সূত্র
- আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)
- উখিয়া থানা পুলিশ