আমেরিকান ম্যাগাজিন ‘এয়ার অ্যান্ড স্পেস ফোর্সেস ম্যাগাজিন’ -এর এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক ঘাঁটি আল-উদেদ (Al Udeid Air Base)-এর কম্বাইন্ড এয়ার অপারেশন সেন্টার (CAOC) মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পরপরই ইরানি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান যুদ্ধের মূল কমান্ড সেন্টারটি (Combined Air Operations Center) ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হামলাটি যখন হয় তখন কৌশলগত কারণে ওই স্থাপনাটিতে কোনো কার্যক্রম চলছিল না। তাৎক্ষণিকভাবে আমেরিকার সাউথ ক্যারোলাইনায় অবস্থিত একটি সেকেন্ডারি বা বিকল্প কমান্ড সেন্টার থেকে এই শূন্যতা পূরণ করা হয় এবং বিমান পরিচালনা সচল রাখা হয়।
ইরান যেকোনো সময় হামলা চালাতে পারে—এমন আশঙ্কা থেকে যুদ্ধের শুরুতেই মার্কিন প্রতিরক্ষা দপ্তর (Pentagon) আল-উদেদ ঘাঁটি থেকে অধিকাংশ যুদ্ধবিমান এবং সামরিক কর্মীদের অন্য নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছিল।
ঘাঁটিতে মোতায়েন করা মার্কিন প্যাট্রিয়ট (MIM-104 Patriot) এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের ঝাঁকে ঝাঁকে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন পুরোপুরি প্রতিহত করতে ব্যর্থ হয়, যার ফলে ঘাঁটির গুরুত্বপূর্ণ রাডার এবং যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়।