এবি পার্টি-এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান ও নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের পরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রত্যাশিত উন্নতি হয়নি। জনগণ এখনও নিরাপত্তাহীনতা, চাঁদাবাজি, দখলবাজি এবং নানা ধরনের অপরাধের উদ্বেগের মধ্যে রয়েছে।
আজ চট্টগ্রাম মহানগর এবি পার্টির উদ্যোগে আয়োজিত সংগঠক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন দলের ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবি যুব পার্টির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক আবদুর রহমান মনির।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, জনগণ একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশায় পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছিল। কিন্তু প্রশাসন ও আইনশৃঙ্খলা ব্যবস্থায় কাঙ্ক্ষিত সংস্কার না হওয়ায় সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। তিনি জনগণের জানমাল রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং অপরাধ দমনে দৃশ্যমান উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, এবি পার্টি একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্য অর্জনে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও জনসম্পৃক্ত করার বিকল্প নেই। তিনি দলের নেতাকর্মীদের আদর্শিক দৃঢ়তা, সাংগঠনিক শৃঙ্খলা এবং জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানান।