বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদের সাথে তাঁর কার্যালয়ে আজ বুধবার সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের সহযোগী সংগঠন UN WOMEN এর বাংলাদেশ প্রতিনিধি মিজ গীতাঞ্জলি সিংহ। সাক্ষাৎ অনুষ্ঠানে স্পীকার UN WOMEN এর প্রতিনিধি দলকে জানান বর্তমানে জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্ব যেভাবে বেড়েছে, তেমনিভাবে রাজনৈতিক দলসহ দেশের সকল সেক্টরে নারীদের অংশগ্রহণ বেড়ে চলেছে।
স্পীকার বলেন, বাংলাদেশের গার্মেন্টস সেক্টরসহ সকল ক্ষেত্রে নারীদের অবদান অনস্বীকার্য। জাতীয় সংসদে ৫০ জন সংরক্ষিত আসনে মনোনীত নারী সদস্যগণের মধ্যে ৪৯ জন বাজেট অধিবেশন থেকে অংশগ্রহণ শুরু করেছেন। ডাক্তার, অর্থনীতিবিদ, প্রকৌশলী, আইনজীবীসহ বিভিন্ন পেশার নারী সংসদ সদস্যরা বাংলাদেশের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন। নারী ও শিশুদের প্রতি যে কোন সহিংসতা বর্তমান সরকার সর্বোচ্চ সংবেদনশীলতার সাথে দেখছে। এ প্রসঙ্গে স্পীকার আলোচিত শিশু রামিসা হত্যার বিচার এক মাসের মধ্যে সম্পন্ন হওয়ার দৃষ্টান্ত তুলে ধরেন।
অস্বচ্ছল পরিবারের নারীদের ক্ষমতায়নে বর্তমান সরকারের গৃহিনীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষক কার্ড প্রদান ইত্যাদি কর্মসূচির কথা তুলে ধরে স্পীকার বলেন, এইসব উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চত হবে।
বাংলাদেশের বর্তমান সরকার নারী অধিকার সুরক্ষা, জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারী ও শিশুদের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিতকরণ, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, অর্ন্তভূক্তিমূলক গণতন্ত্র ইত্যাদি সূচকে দক্ষিণ এশিয়ায় অনেক দেশ থেকে বাংলাদেশ এগিয়ে রয়েছে বলে UN WOMEN বাংলাদেশ প্রতিনিধি মিজ গীতাঞ্জলী সিংহ স্পীকারকে অবহিত করেন।