ঢাকা: মারকাযুত তাকওয়া ঢাকার ছয় বছরপূর্তি উপলক্ষ্যে জাতীয় শিক্ষা সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের সামগ্রিক মানসিক বিকাশ নিশ্চিত করতে শুধু পাঠ্যবই নয়, সহশিক্ষা কার্যক্রমও সমানভাবে গুরুত্বপূর্ণ। একাডেমিক জ্ঞানের পাশাপাশি নৈতিকতা, নেতৃত্ব, সৃজনশীলতা ও সামাজিক দক্ষতা অর্জনে এসব কার্যক্রম বড় ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে শিক্ষার্থীদের বহুমাত্রিক যোগ্যতা অর্জন অপরিহার্য। তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পাঠ্যক্রমের সঙ্গে সমন্বয় রেখে ক্রীড়া, সংস্কৃতি, বিতর্ক, বিজ্ঞানচর্চা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমকে আরও বিস্তৃত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে কৃতিত্বপূর্ণ ফলাফল, নৈতিক মূল্যবোধ, সামাজিক কার্যক্রম এবং সহশিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।
আয়োজকরা জানান, প্রতিষ্ঠার ছয় বছরে মারকাযুত তাকওয়া দেশের মানসম্মত ও আদর্শিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি আরও বিস্তৃত কার্যক্রম গ্রহণ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।