গাবতলীতে জামায়াতের কর্মী সম্মেলনে রফিকুল ইসলাম খানের বক্তব্য
বগুড়ার গাবতলীতে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে বক্তারা আগামী জাতীয় নির্বাচন, দুর্নীতি ও সুশাসনসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন মন্তব্য করেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল ৩টায় মাঝিড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই তা নিশ্চিত হতে পারে। তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে দুর্নীতি, দুঃশাসন, দলীয় সংঘর্ষ ও চাঁদাবাজির মতো সমস্যায় দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দাবি, রাজনৈতিক সহিংসতার ঘটনায় বিভিন্ন সময়ে বহু মানুষ নিহত হয়েছে, যা দেশের স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সুশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন ও নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে। বিশেষ করে নারীদের নিরাপত্তা ও কর্মক্ষেত্রে অংশগ্রহণ বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি তিনি দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সমর্থন বৃদ্ধিতে ঘরে ঘরে যোগাযোগের আহ্বান জানান।
সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া–৭ আসনের প্রার্থী গোলাম রব্বানী। তিনি বলেন, নির্বাচিত হলে বেকার যুবক ও নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন।
উপজেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে আরও বক্তব্য দেন বগুড়া অঞ্চল টিমের সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হাকিম সরকার, জেলা সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল মতিনসহ অন্যান্য জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
সম্মেলনে গাবতলী ও শাজাহানপুরের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।