ঢাকা, ২৯ নভেম্বর ২০২৫: আজ শনিবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভা শুরুর আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন।
সভায় বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫–এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পায়। সংশোধনের ফলে এনজিও নিবন্ধনের নানা জটিলতা কমেছে, অনুদান অবমুক্তির শর্ত সহজ হয়েছে এবং বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদানের ক্ষেত্রে আর আলাদা অনুমোদনের প্রয়োজন হবে না। আইনটিকে আরও অংশীজনবান্ধব করে তোলা হয়েছে বলেও সভায় জানানো হয়।
এছাড়া পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫–এর খসড়া সভায় উপস্থাপন করা হলেও তা আরও বিস্তারিত সংশোধনের পর পরবর্তী সভায় পুনরায় উত্থাপনের নির্দেশ দিয়েছে পরিষদ।
সভায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে বিভিন্ন সময়ে আটক থাকা অবশিষ্ট ২৪ জন বাংলাদেশিকে দ্রুত মুক্তির প্রক্রিয়া চলমান। তিনি জানান, দুই–তিন দিনের মধ্যেই তাঁদের দেশে ফেরত পাঠানো হবে।