“মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (#SME) খাতের পণ্য উৎপাদন, মানোন্নয়ন, বাজার সম্প্রসারণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং উদ্ভাবনী ব্যবসায়িক কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে, ৭–১৪ ডিসেম্বর ২০২৫ ঢাকার আগারগাঁওস্থ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় এসএমই পণ্য মেলা আয়োজন করা হচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত।
এমএসএমই খাতকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তিতে পরিণত করার লক্ষ্যে সরকারের বিনিয়োগ সমন্বয় কমিটি পরপর চারটি বৈঠক করে নীতিগত সংস্কার ও প্রণোদনা প্রদানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সহযোগিতা করেছে।
তবে প্রায়ই দেখা যায়, সরকারের পলিসি অথবা উচ্চপর্যায়ের সিদ্ধান্ত আর উদ্যোক্তাদের বাস্তব অভিজ্ঞতার মধ্যে অনেক পার্থক্য থেকে যায় ।
সে কারণে আমাদের বাস্তবায়নের উপর নজর রাখতে হবে আর প্রতিনিয়ত ফিডব্যাক নিতে হবে। সরকারের সেবা দেয়ার প্রবণতা ও সময়মত এসএমই উদ্যোক্তাদের চ্যালেঞ্জসমূহ সহজীকরণ করার প্রতিশ্রুতি আরও দৃঢ় করতে হবে।
জাতীয় এসএমই পণ্য মেলা উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, বিক্রয়, বিপণন, ব্র্যান্ডিং এবং নেটওয়ার্কিংয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
স্থানীয় বাজার অতিক্রম করে আন্তর্জাতিক বাজারে প্রবেশের প্রস্তুতিতে এই মেলা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। পণ্যের পরিচিতি বৃদ্ধি, ক্রেতা–বিক্রেতার সংযোগ স্থাপন এবং বাজার সম্প্রসারণে এসএমই ফাউন্ডেশনের ভূমিকা প্রশংসনীয়, যা দেশীয় এসএমই পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে।
আমি ‘১২তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৫’-এর সর্বোচ্চ সাফল্য কামনা করছি।”