সোমবার (৮ ডিসেম্বর) স্থানীয় সূত্রগুলোর তথ্যমতে, ওয়াদি রুমিন, জাবাল সাফি এবং নাবাতিয়েহ জেলার জেফতা নদীর আশপাশের এলাকা এ হামলার লক্ষ্য ছিল । তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে শাফাক নিউজ। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি অনুযায়ী, হামলাগুলো হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়েছে। হিজবুল্লাহর রেদওয়ান ফোর্সের প্রশিক্ষণ কেন্দ্র ও কার্যক্রম পরিচালনার জায়গাগুলোকেই মূল টার্গেট করে হামলা চালায় তারা।
অন্যদিকে হিজবুল্লাহর বিরুদ্ধে চালানো আক্রমণে লেবাননের দক্ষিণে দেশটির দুই সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের সেনাবাহিনী। এছাড়াও আরও ২০টি শহর ও গ্রামকে খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল।
ইসরায়েলি সামরিক বাহিনী এনিয়ে কোনো মন্তব্য করেনি। তারা জানিয়েছে, তাদের সেনারা সীমান্তের কাছে হিজবুল্লাহ যোদ্ধাদের হত্যা করেছে। সেনাবাহিনী জানিয়েছে, তাইবেহ গ্রামে লেবানিজ রেড ক্রসের সঙ্গে উচ্ছেদ ও উদ্ধার অভিযান চলাকালীন ইসরায়েলি শত্রুর আগ্রাসনের ফলে, প্রথম ঘটনায় একজন সৈন্য নিহত এবং অন্য একজন আহত হয়।
তবে রেড ক্রসের দেওয়া তথ্যমতে, তাদের চারজন স্বেচ্ছাসেবকও সামান্য আহত হয়েছে, ফলে তাদের চলাচল জাতিসংঘ শান্তিরক্ষীদের সঙ্গে সমন্বয় করা হয়েছে।
ইউএনআইফিল জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের ৮ হাজার ৫০০টির বেশি হামলা চালিয়েছে, যা চুক্তির লঙ্ঘন বলে নথিভুক্ত করা হয়েছে।