ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করতে বঙ্গভবনে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ.এম.এম. নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১২টা ১০ মিনিটে বঙ্গভবনে পৌঁছান সিইসি সহ কমিশনাররা।
ধারণা করা হচ্ছে, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর আজ সন্ধ্যায় কিংবা ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। সেজন্য জাতির উদ্দেশে সিইসির একটি ভাষণ রেকর্ড করবে বাংলাদেশ টেলিভিশন ও বেতার।
এর আগে গতকাল প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি এ.এম.এম. নাসির উদ্দিন। সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেছি। এ সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণার কথা রয়েছে। সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম বলেন, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তফসিল ঘোষণার বিষয়টি এখন শুধু সময়ের অপেক্ষা। তফসিল ঘোষণায় যে আনুষ্ঠানিকতা প্রয়োজন, সবই সম্পন্ন করেছে ইসি। বুধবার পুরো কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে। সেদিনই সিইসির ভাষণ রেকর্ড হবে, যেখানে থাকবে নির্বাচনের তফসিল; পরে তা প্রচার করা হবে।