বুধবার (১০ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা চৌধুরী পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
লোহাগাড়ায় দুর্বৃত্তের গুলিতে নুরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার ছেলে শফিকুল ইসলাম উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি।
বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত নুরুল ইসলাম রাতে গাড়ি চালাতেন।
ভোর ৫টার দিকে ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় স্থানীয়রা বড়হাতিয়া কুমিরাঘোনা এলাকায় তাকে পড়ে থাকতে দেখে পুলিশ ও পরিবারের সদস্যদের খবর দেন। পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজিজুল হক আরো বলেন, স্থানীয়রা প্রথমে মনে করেছিলেন তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তবে তার জামা খোলার পর তার শরীরে গুলির চিহ্ন দেখতে পান।
লোহাগাড়া থানার পরিদর্শক আবদুল জলিল বলেন, জরুরি সেবা ৯৯৯- এ ফোন পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নুরুল ইসলামের লাশ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন জায়গায় অন্তত ২৬টি ছররা গুলি লেগেছে। তার অটোরিকশায়ও গুলির চিহ্ন আছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ এ ঘটনার তদন্ত করছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে এবং আইনগত পদক্ষেপ নেওয়া হবে।