উত্তরের সীমান্তবর্তী জনপদ নীলফামারীতে বইছে নির্বাচনি হাওয়া। জনগণের মাঝে চলছে উন্নয়ন আর প্রাপ্তির নানা হিসাব-নিকাশ। রাজনৈতিক দলগুলো ব্যস্ত তাদের কর্মের ফিরিস্তি জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার কাজে।
তবে ধানের শীষের নমিনি নিয়ে বেশ জটিলতায় পড়েছে বিএনপি। জেলার চারটি আসনের মধ্যে এখনো দুটিতে কাউকে মনোনয়নই দেয়নি দলটি। আবার যে দুটিতে কান্ডারির নাম ঘোষণা করেছে তাদের বিরুদ্ধেও চলছে আন্দোলন। অন্যদিকে আওয়ামী আমলে দখল হওয়া ঘাঁটি পুনরুদ্ধারে মরিয়া হয়ে ঐক্যবদ্ধ প্রচারে নেমেছে জামায়াতে ইসলামী। জেলার চারটি সংসদীয় আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা নিয়মিত কর্মী-সমর্থক নিয়ে মিছিল, পথসভা, গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রচার চালাচ্ছেন। মাঝে মধ্যে দিচ্ছেন মহড়া। এতে ভোটের মাঠে ছড়িয়ে পড়েছে নির্বাচনি উত্তাপ। দুয়েকটি আসনে শাপলা কলির নমিনি ঘোষণা করায় তাদের নিয়ে প্রচারে নেমেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। এছাড়া ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদসহ অন্য দলগুলোও মাঠে সরব আছে।