ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের রোববার সকালে জানান, ওসমান হাদি এখনো ডিপ কোমায় আছেন। চিকিৎসকদের নির্ধারিত ৭২ ঘণ্টার পর্যবেক্ষণকাল সোমবার রাতে শেষ হওয়ার কথা। এই সময়ের মধ্যেই তার শারীরিক অবস্থার অগ্রগতি ও পরবর্তী চিকিৎসা–পথ্য নির্ধারণ করা হবে। তিনি বলেন, ‘অবস্থার বড় কোনো পরিবর্তন হয়নি। তবে ইন্টারনাল রেসপন্স আছে।’ চিকিৎসকেরা যদি অবস্থা স্থিতিশীল বলে মনে করেন, তাহলে পরিবারের পক্ষ থেকে বিদেশে নেওয়ার বিষয়টি গুরুত্ব পাবে বলেও জানান তিনি। বর্তমানে তিনি ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। একই হাসপাতালে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও চিকিৎসাধীন রয়েছেন।
হামলার পর হাদির সমর্থকেরা পতিত আওয়ামী লীগকে দায়ী করেছেন। অন্তর্বর্তী সরকার এটিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি পৃথকভাবে এই হামলার নিন্দা জানিয়ে যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলার ঘোষণা দিয়েছে।
এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারী হিসেবে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামে একজনকে চিহ্নিত করার কথা জানিয়েছে পুলিশ। হামলাকারী সম্পর্কে তথ্য দিলে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণাও দিয়েছে সরকার। পাশাপাশি হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করে এর মালিককে আটক করার তথ্য দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।