ইসি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই), কমনওয়েলথসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা এবারের নির্বাচন পর্যবেক্ষণে যুক্ত হচ্ছে। পাশাপাশি বিভিন্ন দেশ থেকেও আলাদা আলাদা পর্যবেক্ষক দল আসার সম্ভাবনা রয়েছে।
ইতিমধ্যে নির্বাচন পর্যবেক্ষণে প্রতিনিধিদল পাঠানোর জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে চিঠি পাঠানো শুরু করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। এর অংশ হিসেবে ইউরোপীয় কমিশনের পররাষ্ট্র ও নিরাপত্তানীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি কাজা কালাসকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা এবং দেশগুলোকেও এ ধরনের আমন্ত্রণ জানানো হবে।
এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, নির্বাচন কমিশনের উদ্যোগে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানো হচ্ছে। সরকার চায় না এমন কোনো পর্যবেক্ষক আসুক, যাদের উপস্থিতি অযথা বিতর্কের সৃষ্টি করতে পারে।
তিনি আরও জানান, গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের একটি প্রাক্-নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশ সফর করেছে। সে সময় তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবে আইআরআই। ওই দলে আইআরআই ও এনডিআই ছাড়াও যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর, কংগ্রেস সদস্য এবং সাবেক সরকারি কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন।