আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন দুই সম্ভাব্য প্রার্থী। বুধবার (১৭ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে পৃথকভাবে এই আবেদন জানান কিশোরগঞ্জ-৪ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সম্ভাব্য প্রার্থী আসাদুজ্জামান ফুয়াদ।
কাজী রেহা কবির সিগমা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করে লিখিত অভিযোগ জমা দেন। তিনি অভিযোগ করেন, কিশোরগঞ্জ-৪ আসনে তার ব্যাপক জনসমর্থন থাকলেও গণসংযোগে ভীতি সৃষ্টি ও বাধা দিতে অষ্টগ্রাম থানা পুলিশ তৎপরতা চালাচ্ছে। গত ১৬ ডিসেম্বর রাতে তার কর্মী মো. কিয়ামত আলীকে পুরোনো একটি মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে, যদিও তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন না। সিগমা দাবি করেন, কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে নির্বাচনী কার্যক্রম ব্যাহত করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি অবিলম্বে এ ঘটনার তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সিইসির হস্তক্ষেপ কামনা করেন।
অন্যদিকে, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ করে তার নিরাপত্তা সংক্রান্ত শঙ্কার কথা তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, নির্বাচনী এলাকায় পুলিশ তাকে প্রয়োজনীয় সহযোগিতা করছে না।