চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী, মাদক সম্রাট ও বুইস্যা বাহিনীর প্রধান শহীদুল ইসলাম প্রকাশ বুইস্যাকে অস্ত্র ও গুলিসহ র্যাব-৭ গ্রেপ্তার করেছে। বুইস্যা ভোলার দৌলতখান এলাকার মোহাম্মদ আলীর ছেলে এবং বর্তমানে পাঁচলাইশ থানাধীন পশ্চিম ষোলশহর এলাকায় বসবাস করছিল।
র্যাব জানায়, শনিবার (২০ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় চান্দগাঁও থানাধীন ফিনলে সাউথ সিটি এলাকার দিগন্ত খাজা টাওয়ার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে বুইস্যার কাছ থেকে একটি পিস্তল ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বুইস্যা চাঁদাবাজি, অস্ত্র-গুলিসহ মাদক কারবার পরিচালনা করত। তার বিরুদ্ধে চান্দগাঁও, পাঁচলাইশ ও চকবাজার থানায় ৪২টি মামলা রয়েছে। র্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, বুইস্যা ও তার গ্রুপের সদস্যরা আধিপত্য বিস্তার, গোলাগুলি, ছিনতাই ও মাদক ব্যবসায় সক্রিয় ছিল।
গত ২১ জুলাই বুইস্যা ও প্রতিদ্বন্দ্বী ‘টেম্পু’ গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এরপর বুইস্যার ১১ সহযোগীকে গ্রেপ্তার করা হয়।