আন্তরিক দোয়া ও কৃতজ্ঞতা জাহিদ ভাই, শুভকামনা সাদ্দাম ও সিবগাহ ভাই
শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন সেটাপ হলো। জাহিদ ভাই বিদায় নিলেন। নতুন কেন্দ্রীয় সভাপতি হলেন নুরুল ইসলাম সাদ্দাম ভাই। জাহিদ ভাই খুবই বিনয়ী একজন দায়িত্বশীল ছিলেন। সফট স্পোকেন যেমন ছিলেন, তেমনি শিবিরের স্বার্থে ছিলেন আপোষহীন ও উচ্চকিত কন্ঠস্বর। আমি জাহিদ ভাইয়ের নেতৃত্ব মিস করবো।
জাহিদ ভাই ফ্যাসিবাদী আমলে তৈরি হওয়া একজন মানুষ। ফলে আল্লাহ তায়ালা তার সময়ে পুরস্কারও দিয়েছেন অফুরন্ত। তার সময়ে ছাত্রশিবির অসম্ভব সুন্দর ও অনুকূল সময় পেয়েছে। তার যোগ্য নেতৃত্বে ছাত্রশিবির সমর্থিত প্যানেল চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রায় ফুল প্যানেলে জয়লাভ করেছে, যা আমাদের কাছে ছিল রীতিমতো স্বপ্ন পূরণের মতো।
শিবির এই সময়ে অসংখ্য সৃজনশীল প্রোগ্রাম করেছে। বাইরের অসংখ্য মানুষকে আকৃষ্ট করেছে, দাওয়াতের মাধ্যমে ইসলামের ছায়াতলে এসেছে। আমার শিবিরের নানা ধরনের প্রোগ্রামে যাওয়া হয়। আমার মনে হয়েছে, শিবিরের নেতৃত্ব এখনো সংগঠনকে ভালো মানুষ ও ভালো ছাত্র বানানোর কাজেই বেশি নিয়োজিত থাকে আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলনের স্পিরিট ও ইতিহাস ধারণ করার চেষ্টা তাদের মাঝে দৃশ্যমান। জাহিদ ভাই এসব কার্যক্রমকে জোরদার করেছেন আশা করি আগামীতেও এই কাজগুলো অব্যহত থাকবে। আজকের সদস্য সম্মেলনে জাহিদ ভাই সভাপতি হিসেবে যে বক্তব্য দিয়েছেন তা আমার কাছে কালোত্তীর্ণ মনে হয়েছে।
নতুন কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম ভাইয়ের সাথে আমার অনেকগুলো প্রোগ্রামে থাকার সুযোগ হয়েছে। সর্বশেষ গত ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসেও আমরা একসাথে ছিলাম। তিনি একজন মেধাবী মানুষ। আল কুরআনের অসংখ্য আয়াত জানেন। আলেমে দ্বীনের মতো করে যেমন ইসলামকে উপস্থাপন করেন, তেমনি সর্বশেষ আবিস্কার বা বৈজ্ঞানিক রেফারেন্স দিয়েও কথা বলেন। সাদ্দাম ভাই একজন রিসোর্স এবং ডায়নামিক লিডার। আশা করি, তার সময়ে জনশক্তির পড়াশুনা করার প্রবনতা আরো বাড়বে এবং তিনি ছাত্রশিবিরকে আরো বেশি সময়োপযোগী ভূমিকা পালনের মতো অবস্থানে নিতে পারবেন ইনশাআল্লাহ।
নতুন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ আরেকজন বিনয়ী দায়িত্বশীল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন। ঠাকুরগাঁও জেলার সাবেক জেলা আমীর মাওলানা আব্দুল হাকিম চাচার ছেলে তিনি। দুঃসময়ে বিশ্ববিদ্যালয়ে কাজ করেছেন, জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছেন আবার ডাকসু নির্বাচনসহ বিবিধ কার্যক্রমে নেপথ্যে থেকে সবচেয়ে কার্যকর ভূমিকাগুলো তিনি রেখেছেন আলহামদুলিল্লাহ। আমরা দুজন যোগ্য ও মেধাবী মানুষকে কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি জেনারেল হিসেবে পেলাম। তাদের নেতৃত্বে শহীদি কাফেলা আরো এগিয়ে যাবে এই কামনা করছি। জাহিদ ভাইয়ের আগামীর জন্যও শুভকামনা রইল।