রাজনীতি ও অর্থনীতি সংবাদ
আওয়ামী লীগ আমলে সাবেক আইজিপি বেনজীর আহমেদের ‘ঘনিষ্ঠ ও ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত ব্যবসায়ী জসীম উদ্দিন আহমেদ এবার চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির প্রার্থী হয়েছেন। তার নির্বাচনী হলফনামায় নগদ অর্থের অঙ্ক প্রকাশ্যে এসেছে ১৫ কোটি ১ লাখ ৬২ হাজার টাকা। একই সঙ্গে তার স্ত্রীর নগদ সঞ্চয় দেখানো হয়েছে ১৪ লাখ ৫৭ হাজার টাকা।
স্থানীয় সূত্র এবং রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচনী হলফনামায় নগদ টাকার উৎস, ব্যাংকিং ট্রেইল বা ব্যবসায়িক আয়ের ধারাবাহিকতা নিয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। জসীম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আছে, তিনি বেনজীর সময় বিভিন্ন ব্যবসায়িক সুবিধা পেয়েছিলেন এবং ‘ক্যাশিয়ার-পর্যায়ের’ ঘনিষ্ঠতার কারণে উপকৃত হয়েছেন।
বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তে মনোনয়ন পেয়েছেন তিনি, যদিও স্থানীয় দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে কোনো মতামত হয়নি। স্থানীয় নেতারা মনে করছেন, কর্নেল অলিকে হারানোর জন্য নগদ অর্থশালী প্রার্থী দরকার ছিল।
জসীম উদ্দিনের বার্ষিক আয় প্রায় ২ কোটি ৪২ লাখ টাকা এবং স্থাবর–অস্থাবর সম্পদ প্রায় ৪০.৫ কোটি টাকা। প্রতিদ্বন্দ্বী এলডিপির প্রার্থী ওমর ফারুকের মোট সম্পদ তুলনায় অনেক কম।
নিজের পক্ষ থেকে জসীম উদ্দিন বলেন, “আমার কোনো দলীয় পরিচয় ছিল না। ব্যবসায়ীর স্বার্থে সবার সঙ্গে সম্পর্ক রাখতে হয়েছে। সেটি নিয়ে কেউ রাজনীতি করতে চাইলে করুক।”