ঢাকা | ডিসেম্বর ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পাঠানো এক শোকবার্তায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। শোকবার্তায় তিনি মহান আল্লাহর কাছে মরহুমার গুনাহ ক্ষমা, তাকে চিরশান্তি দান এবং জান্নাতে উচ্চ মর্যাদা দানের প্রার্থনা জানান। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।
সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পৃথক এক শোকবার্তায় খালেদা জিয়ার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এদিকে, খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতির কাছে পাঠানো শোকবার্তায় তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত মঙ্গলবার ৩০ ডিসেম্বর শেষনিশ্বাস ত্যাগ করেন। পরদিন বুধবার রাজধানীর জিয়া উদ্যানে, তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
খালেদা জিয়ার মৃত্যুতে দেশ-বিদেশে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।