ঢাকা | ৩ জানুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে ৪১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী ও বিএনপির সাবেক সাংস্কৃতিক নেতা মনির খানকে।
গত বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীকে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়া, কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এবং শামসুজ্জামান দুদু। প্রধান সমন্বয়কের দায়িত্বে রয়েছেন মো. ইসমাইল জবিউল্লাহ। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য তালিকায় মনির খানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মনির খান বলেন,
“বেশ বড় দায়িত্ব। চেষ্টা করব যথাযথভাবে দায়িত্ব পালনের।”
দলীয় সূত্র জানায়, দীর্ঘ বিরতির পর সম্প্রতি বিএনপিতে আবারও সক্রিয় হয়েছেন মনির খান। দলে ফেরার পর তিনি রাজপথের বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ করছেন। কয়েক মাস আগে লন্ডন সফরে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ওই সাক্ষাতের পরই তিনি দলে ফেরার সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।
এর আগে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে বিএনপি ছাড়েন মনির খান। ২০১৮ সালে পদত্যাগের সময় তিনি বিএনপির সহ-সাংস্কৃতিক সম্পাদক এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ মনির খানের এ দায়িত্ব বিএনপির নির্বাচনী কার্যক্রমে নতুন মাত্রা যোগ করতে পারে।