বান্দরবান, ৩ জানুয়ারি ২০২৬
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে শনিবার (৩ জানুয়ারি) সকালে বন্যহাতির আক্রমণে আবদুস ছালাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনা ঘটে আলীক্ষ্যং সড়কের তিতার পাড়া গলাসিরা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি বন্যহাতি আবদুস ছালামের বাড়ির সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিল। আবদুস ছালাম কৌতূহলবশত হাতিটির ছবি তুলতে কিছুটা কাছে যান। হঠাৎ আশপাশে কুকুরের ডাকাডাকিতে হাতিটি উত্তেজিত হয়ে মুহূর্তের মধ্যে তার ওপর তেড়ে আসে এবং পায়ের নিচে পিষে ফেলে। এতে ঘটনাস্থলেই আবদুস ছালামের মৃত্যু হয়।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
আবদুস ছালাম পেশায় একজন মিস্ত্রি ছিলেন। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। পেশায় টিউবওয়েল মিস্ত্রি হলেও দিনমজুরি ভিত্তিক বিভিন্ন কাজ করে সংসার চালাতেন। তার হঠাৎ মৃত্যুতে তিনটি ছোট সন্তান, শারীরিক প্রতিবন্ধী পিতা আবদুর সাত্তারসহ পুরো পরিবার চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, বিষয়টি তিনি জানেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বন বিভাগকে নির্দেশ দিয়েছেন।
সাঙ্গু রেঞ্জের কর্মকর্তা নুর হোসাইন বলেন, ঘটনার গুরুত্ব বিবেচনা করে পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।