জামালপুর | শনিবার, ৩ জানুয়ারি ২০২৬
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) সংসদীয় আসনে ১১ প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামীর মুজিবুর রহমান আজাদীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্রে প্রয়োজনীয় কাগজপত্রে সমর্থক ও প্রস্তাবকারীর স্বাক্ষরে ত্রুটি এবং নির্বাচন বিধিমালায় স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ স্বাক্ষরে অসঙ্গতির কারণে এই ৫ প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মুজিবুর রহমান আজাদীসহ বাতিল হওয়া অন্যান্য প্রার্থী হলেন: স্বতন্ত্র প্রার্থী মো. সাদিকুর রহমান সিদ্দিকী শুভ, ফারজানা ফরিদ পুথি, শিবলুল বারী রাজু ও এস এম শাহীনুর রহমান।
যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন: বিএনপির মো. মোস্তাফিজুর রহমান বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইঞ্জিনিয়ার মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী, জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন, গণ-অধিকার পরিষদের লিটন মিয়া ও মো. রুবেল মিয়াসহ গণ-সংহতি আন্দোলনের ফিদেল নঈম।
মনোনয়ন বাতিলের খবরে জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতাকর্মীসহ স্বতন্ত্র প্রার্থীদের সমর্থক ও সাধারণ ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে জামায়াত প্রার্থী মুজিবুর রহমান আজাদী বলেন, “মনোনয়নপত্রে স্বাক্ষরজনিত সমস্যা হয়েছে। আশা করি আপিলের পর সব ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ।”
স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, “হতাশ হবার কিছু নেই। আপিলের মাধ্যমে আবার নির্বাচনে ফিরে আসবো, ইনশাআল্লাহ।”
রিটার্নিং অফিসার ও জামালপুর জেলা প্রশাসক মো. ইউসুপ আলী জানান, সংশ্লিষ্ট প্রার্থীরা আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্ধারিত কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারবেন। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে আপিল আবেদন নিষ্পত্তি করা হবে বলেও তিনি জানান।