সানা/রিয়াদ, ৪ জানুয়ারি ২০২৬
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার বিবাদমান বিভিন্ন পক্ষকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে।
ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা নিউজ এজেন্সি জানায়, শনিবার স্বীকৃত সরকারের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল (পিএলসি) চেয়ারম্যান রশিদ আল-আলিমি দক্ষিণ ইয়েমেনের সব পক্ষকে রিয়াদে অনুষ্ঠিতব্য সংলাপে অংশগ্রহণের জন্য আহ্বান জানান। তিনি চলমান সংঘাতের সমাধানে ন্যায্যতা ও মূল উদ্দেশ্যের প্রতি মনোযোগ দেওয়ারও অনুরোধ করেন।
সৌদি আরবও এই আহ্বানকে সমর্থন করেছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ ইয়েমেনের বিবদমান পক্ষগুলোকে রিয়াদে সংলাপে অংশগ্রহণ করতে হবে, যা দক্ষিণের বিবাদের ন্যায্য সমাধান নিশ্চিত করবে।
তবে রাজধানী সানা নিয়ন্ত্রণকারী ইরান সমর্থিত হুথি যোদ্ধাদের এই সংলাপ থেকে বাদ রাখা হয়েছে।
এ আবহে সাম্প্রতিক সময়ে হাযরামাউত ও আল-মাহরা প্রদেশে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) এর বিস্তৃত অঞ্চল দখল এবং সৌদি বাহিনীর বিমান হামলার পর পিএলসির এই সংলাপ আহ্বান আসে।
ইয়েমেনে হুথি যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের দীর্ঘমেয়াদি সহযোগিতা দিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে এসটিসি দক্ষিণ ইয়েমেনে স্বাধীনতার দাবি উত্থাপন করেছে এবং আগামী দুই বছরের মধ্যে ‘দক্ষিণ আরব’ রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা প্রকাশ করেছে।