চট্টগ্রাম, ৪ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে জামায়াতে ইসলামীর প্রার্থীসহ আটজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই শুনানির পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
শুনানিতে চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের প্রার্থী ডা. ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তাঁর দ্বৈত নাগরিকত্ব (আমেরিকা) থাকার কারণে। একই আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী আব্দুল আবুল মোমেন চৌধুরীর মনোনয়নপত্রে স্বাক্ষরের অসঙ্গতি, স্বতন্ত্র প্রার্থী মিলন কান্তি শর্মার ১ শতাংশ ভোটারের তথ্য অমিল, এবং নাগরিক ঐক্যের প্রার্থী নুরুল আবছারের ঋণখেলাপি ও সিটি করপোরেশনের ট্যাক্স বকেয়া থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে।
চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির শেহাব উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী মো. আজাদ চৌধুরীর মনোনয়নপত্রও স্বাক্ষর ও ভোটার তথ্য অমিল থাকার কারণে বাতিল করা হয়েছে।
চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির বিদ্রোহী আলী আব্বাসের দলীয় মনোনয়ন অসঙ্গতি এবং গণঅধিকার পার্টির মো. মুজিবুর রহমানের ঋণখেলাপি থাকার কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়।
শুনানিতে উপস্থিত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নিশ্চিত করেছেন, বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন।