নয়াদিল্লি | ১৯ ফেব্রুয়ারি ২০২৬
আন্তর্জাতিক নৌ মহড়ায় ভারতের সঙ্গে অংশ নিয়েছে বাংলাদেশসহ ৭১টি দেশ। সামুদ্রিক সহযোগিতা ও ঐক্যের বার্তা দিতে আয়োজিত এই মহড়ায় বিভিন্ন দেশের যুদ্ধজাহাজ অংশগ্রহণ করছে।
বাংলাদেশ নৌবাহিনী নিজেদের ফ্রিগেট যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’ মহড়ায় অংশ নিতে পাঠিয়েছে। ১৬ ফেব্রুয়ারি সোমবার জাহাজটি ভারতে পৌঁছে যায়।
বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ডসহ মোট ৭০টি দেশ তাদের যুদ্ধজাহাজ পাঠিয়েছে।
মহড়ায় ইন্দোনেশীয় নৌবাহিনীর ফ্রিগেট কেআরআই বুং তোমো-৩৫৭ এবং সংযুক্ত আরব আমিরাতের যুদ্ধজাহাজ আল ইমারাত অংশ নিচ্ছে। ভারতীয় নৌবাহিনীর প্রতিনিধিত্ব করছে বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত।
মহড়া শুরুর আগে এক বক্তব্যে দ্রৌপদী মুর্মু বলেন, “এই মহড়া সামুদ্রিক ঐতিহ্যের প্রতি বিভিন্ন দেশের আস্থা, ঐক্য ও শ্রদ্ধার প্রতিফলন। ভিন্ন পতাকাবাহী জাহাজ ও বিভিন্ন দেশের নৌসেনারা ঐক্যের চেতনাকে তুলে ধরছে। আমাদের এ মহড়ার থিম সামুদ্রিক ঐক্য। সম্মিলিত এই নৌবাহিনীর সংকল্প সব বাধা অতিক্রম করতে সক্ষম এবং এটি বিশ্ব সম্প্রদায়ের কাছে ইতিবাচক বার্তা দেবে।”
বিশেষজ্ঞদের মতে, এমন বহুজাতিক নৌ মহড়া আঞ্চলিক নিরাপত্তা জোরদার, সামুদ্রিক যোগাযোগ রক্ষা এবং যৌথ প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।