ঢাকা: আইন ভেঙে একীভূতকরণ প্রক্রিয়াধীন থাকা Social Islami Bank PLC-এর প্রশাসক সালাহ উদ্দীন ও তার সহযোগী রাশেদুল ইসলামকে বদলি করেছে Bangladesh Bank-এর হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট (এইচআরডি)। সালাহ উদ্দীনের স্থলে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আবুল বসারকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাংকের প্রশাসক নিয়োগ ও প্রত্যাহারের দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্টের (বিআরডি)। তবে সেই প্রক্রিয়া অনুসরণ না করেই এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগগুলোর কর্মকর্তাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
জানা যায়, গত বছরের নভেম্বরে বিআরডি সালাহ উদ্দীনকে সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। তার সঙ্গে সহযোগী হিসেবে দায়িত্ব পান রাশেদুল ইসলামসহ আরও চার কর্মকর্তা। অভিযোগ রয়েছে, কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই মাত্র ছয় মাসের মাথায় একজন ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালকের নির্দেশে তাদের বদলি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, একীভূতকরণ প্রক্রিয়াধীন কোনো ব্যাংকের প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন আনতে নির্ধারিত নীতিমালা ও বিভাগীয় অনুমোদন অনুসরণ বাধ্যতামূলক। কিন্তু সাম্প্রতিক এই পদক্ষেপে সেই নিয়ম মানা হয়নি বলে সংশ্লিষ্টদের দাবি।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে আলোচনা ও অসন্তোষ বাড়ছে বলে জানা গেছে।