দেশের চলমান রাজনৈতিক ও জাতীয় বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, সীমান্ত পরিস্থিতি, প্রস্তাবিত জাতীয় বাজেটসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সোমবার (২২ জুন) রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের আমির ডা. শফিকুর রহমান। নির্বাহী পরিষদের সব সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন।
দলের কেন্দ্রীয় প্রচার বিভাগ জানিয়েছে, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্তে ‘পুশইন’ ইস্যু, রাজনৈতিক হত্যাকাণ্ড, ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক এবং ১১ দলীয় ঐক্যের কর্মসূচিসহ নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসব বিষয়ে প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্তও গৃহীত হয়েছে।
এ ছাড়া আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশন এবং বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়। বৈঠকে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে বলে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ জানিয়েছে।