যুক্তরাষ্ট্র এবং পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের [GCC] সদস্য দেশগুলো এক যৌথ বিবৃতিতে আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালীতে যেকোনো ধরনের শুল্ক বা টোল আরোপের প্রচেষ্টাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং উপসাগরীয় মিত্রদের সাম্প্রতিক বৈঠকের পর প্রকাশিত এই যৌথ বিবৃতিতে মুক্ত ও বাধাহীন জাহাজ চলাচলের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয় হরমুজ প্রণালী একটি আন্তর্জাতিক জলপথ। বিদ্যমান আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো একক দেশ এই জলপথে চলাচলকারী জাহাজের ওপর কোনো শুল্ক, কর বা ফি আরোপ করতে পারে না।
উপসাগরীয় দেশগুলোর সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেছেন যে, হরমুজ প্রণালীতে ইরান বা অন্য কোনো দেশের টোল বসানোর পরিকল্পনার পক্ষে অঞ্চলের কোনো দেশেরই বিন্দুমাত্র সমর্থন নেই।