বিস্তারিত:
ঢাকা, ২১ অক্টোবর ২০২৫
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, অনলাইন জুয়া ও বেটিংয়ের মাধ্যমে অর্থ লেনদেনে ব্যবহৃত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টগুলোর একটি বিস্তারিত তালিকা তৈরি করা হচ্ছে। একই সঙ্গে যেসব ওয়েবসাইট ও পোর্টাল জুয়া বা বেটিং সম্পর্কিত বিজ্ঞাপন প্রচার করছে, সেগুলোও পর্যায়ক্রমে বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে “অনলাইন জুয়া, বেটিং ও পর্নোগ্রাফি সাইট বন্ধে অংশীজন সমন্বয় সভা” শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “দেশের তরুণ প্রজন্মকে অনলাইন জুয়া ও বেটিংয়ের মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে রক্ষা করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জুয়ার অর্থ লেনদেনের সঙ্গে যুক্ত যেসব অ্যাকাউন্ট আছে, তাদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, প্রযুক্তি নির্ভর অপরাধ মোকাবেলায় বিটিআরসি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এনবিআর ও বিভিন্ন এমএফএস কোম্পানির মধ্যে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় বিটিআরসি চেয়ারম্যান, টেলিকম অপারেটর, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “জনস্বার্থে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। ইন্টারনেট স্বাধীনতার অপব্যবহার করে কেউ যেন সমাজ ও অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, সে দিকেও সরকার সতর্ক।