বিস্তারিত প্রতিবেদন │ Daily Crisis BD প্রতিনিধি
শেরপুর, শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫):
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চরপক্ষীমারী ইউনিয়নে গণসংযোগে অংশ নিতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর-১ আসনের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের কর্মীরা। এতে ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপনসহ অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার বিস্তারিত জানাতে শুক্রবার বিকেলে নিজের ফেসবুক পোস্টে হাফেজ রাশেদুল ইসলাম লিখেছেন,
আজ চরপক্ষীমারী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগে অংশ নিই। জুম’আ নামাজ পড়ার কথা ছিল সাতপাকিয়ায়, কিন্তু বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তাতে বাধা দেয়। পরে পাশের একটি মসজিদে জুম’আ আদায় করে ডাকপাড়ায় প্রবেশ করলে লাঠিসোটা হাতে থাকা বিএনপির লোকজন আমাদের উপর হামলা চালায়।”
তার দাবি, বিএনপির সন্ত্রাসীদের হামলায় অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তিনি বলেন, “৫ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশের স্বাধীন পরিবেশে বিএনপি কর্তৃক এমন হামলা নিন্দনীয় এবং গণতান্ত্রিক রাজনীতির জন্য অশুভ ইঙ্গিত।”
তিনি আরও বলেন,
এমন ঘটনা আমাদের স্বাধীনভাবে চলাফেরা করার ওপর সরাসরি আঘাত। আমরা শেরপুরে নিরাপত্তার অভাব বোধ করছি। প্রশাসনকে অনুরোধ করছি, ঘটনার সঙ্গে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় আনা হোক।”
একইসাথে বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা সন্ত্রাসীদের আশ্রয়দাতা দলে পরিণত হবেন না। সন্ত্রাসীদের ব্যাপারে দলীয় সিদ্ধান্ত নিন এবং আইনের আওতায় আনুন।”
হাফেজ রাশেদুল ইসলাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ভবিষ্যতে যদি এ ধরনের ঘটনা ঘটে এবং জনরোষ সৃষ্টি হয়, তবে এর দায়ভার বিএনপি ও প্রশাসনকেই নিতে হবে।”
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, হামলার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার বিষয়ে বিএনপির স্থানীয় নেতাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশও তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হয়নি।
সূত্র: হাফেজ রাশেদুল ইসলামের অফিসিয়াল ফেসবুক পোস্ট
প্রকাশনা: Daily Crisis BD