শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে কঠোর নির্দেশনা দেন। পাশাপাশি তিনি আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার দিকনির্দেশনাও দেওয়া হয়েছে।
রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ঘটনাটিকে তিনি “নির্বাচনি পরিবেশে সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য অত্যন্ত দুঃখজনক” বলে উল্লেখ করেছেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্তের নির্দেশ দেন ড. ইউনূস। তিনি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের বয়ান গ্রহণ, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং হামলার পেছনে কোনো সংগঠিত পরিকল্পনা থাকলে তা উন্মোচনে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে বলেন।
প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন, “নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ধরনের সহিংসতা বরদাশত করা হবে না। জনগণের নিরাপত্তা এবং প্রার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করা আমাদের দায়িত্ব। দোষীরা যে-ই হোক, আইনের আওতায় আনা হবে।” তিনি দেশের সব রাজনৈতিক দল, কর্মী-সমর্থক এবং নাগরিকদের শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানান, যাতে আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হতে পারে।