বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে মতবিনিময়, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব
ঢাকা, বাংলাদেশ — ৬ জানুয়ারি ২০২৬
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি. গম্বিসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। রোববার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে উপস্থিত ছিলেন প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা—সাবেক মার্কিন রাষ্ট্রদূত মোর্স এইচ. ট্যান, নর্থ আমেরিকার মুসলিম উম্মাহর সেক্রেটারি জেনারেল ও একটি চার্টার্ড অ্যাকাউন্ট ফার্মের পরিচালক আরমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্যবসায়ী নেতা ফয়সাল আলম।
এ সময় জামায়াত আমিরের সঙ্গে ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন, ইঞ্জিনিয়ার ড. জুবায়ের আহমদ, ব্যারিস্টার নজরুল ইসলাম, অধ্যাপক সাইফুল্লাহ মানছুর, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম এবং ব্যারিস্টার আরমান আহমদ বিন কাসেম।
মতবিনিময়কালে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোট নিয়ে আলোচনা হয়। এ ছাড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।