শেখ মো. সাজ্জাত আলী পুলিশ সদস্যদের সতর্ক করে বলেছেন, নির্বাচনে আচরণবিধি ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নজর রাখতে হবে
ঢাকা, ১৪ জানুয়ারি ২০২৬
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আসন্ন ত্রয়োদশ সাধারণ নির্বাচন ও গণভোটে পুলিশ সদস্যদের দায়িত্ব হলো দল মতের ঊর্ধ্বে থেকে একটি ত্রুটিবিহীন নির্বাচন উপহার দেওয়া।
বুধবার রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিসেম্বর ২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির পুলিশ সদস্যদের উদ্দেশে কমিশনার এসব কথা বলেন।
তিনি বলেন,
“নির্বাচনে আচরণবিধি লঙ্ঘিত হলে প্রার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই সকলে যেন আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করেন সে বিষয়ে নজর রাখতে হবে।”
ডিএমপি কমিশনার আরও সতর্ক করেন,
“কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠন যেন নির্বাচনি পরিবেশ বিনষ্ট করতে না পারে। কোনো ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন রাজনৈতিক ফায়দা হাসিল করতে না পারে।”
তিনি উল্লেখ করেন, আসন্ন নির্বাচন দেশের ইতিহাসের অংশ হয়ে থাকবে। এ জন্য পুলিশ সদস্যদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে যাতে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না ওঠে।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার বলেন, দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে নির্বাচনি আচরণবিধি মেনে দায়িত্ব পালন করতে হবে।
অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম জানান, দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সভায় ডিসেম্বর মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনারগণ, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, সহকারি পুলিশ কমিশনারগণ, ডিএমপির থানার অফিসার ইনচার্জগণ এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারা।